রাজধানীতে সব বাস একক কোম্পানির অধীনে চলবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

০ মতামত 38 views

নতুন দেশ ডেস্ক: রাজধানীতে চলাচলকারী সব বাস একক ব্যবস্থাপনায় আনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য তা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।

এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ হলো অকার্যকর রুটে বাস চলাচল। এর ফলে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।

প্রেস উইংয়ের তথ্যমতে, সব বাস একটি একক ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে রুট শৃঙ্খলা নিশ্চিত হবে এবং গণপরিবহন আরও কার্যকর হবে। একইসঙ্গে যাত্রীদের জন্য নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং ভাড়ায় প্রতারণা ও সার্বিক বিশৃঙ্খলা কমে আসবে।

Leave a Comment