রংপুরে আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু আজ

০ মতামত 50 views

নতুন দেশ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)।

এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। এর মধ্য দিয়েই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরুরও সম্ভাবনা রয়েছে।

মামলাটি বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে এ মামলায় ছয়জন আসামি গ্রেপ্তার অবস্থায় আছেন, আর বাকি ২৬ জন পলাতক। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

গ্রেপ্তার আসামিরা হলেন—এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন।

Leave a Comment