মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

০ মতামত 60 views

মৌলভীবাজার সংবাদদাতা: ব্যাটারি চালিত অটোরিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ, দ্রব্যমূল্য কমানো ও রিকশা ভাড়া পুনঃনির্ধারণসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের চৌমুহনাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, জসিমউদ্দিন সেবক ও মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নিকট স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, রিকশা-ভ্যান শ্রমিকরা প্রতিদিন অমানবিক কষ্ট সহ্য করে জীবিকা নির্বাহ করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর মধ্যে শহরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদের উদ্যোগ শ্রমিকদের আরও দুর্বিষহ পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য করছে।

শ্রমিকরা উল্লেখ করেন, ২০২২ সালের ৪ এপ্রিল উচ্চ আদালতের রায়ে আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও শহরের ভেতরে এর চলাচলে কোনো বিধিনিষেধ নেই। তবু মৌলভীবাজার শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকার সঙ্গে বিরোধপূর্ণ।

শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি: ১. উচ্চ আদালতের রায় অনুযায়ী আঞ্চলিক সড়ক ও শহরের ভিতরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচলে বাধা না দেওয়া এবং অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা। ২. বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে রিকশা ভাড়া পুনঃনির্ধারণ। ৩. যানজট নিরসনে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং বন্ধ। ৪. শহরে পর্যাপ্ত রিকশা স্ট্যান্ড স্থাপন। ৫. রিকশা শ্রমিকদের উপর সকল হয়রানি ও নির্যাতন বন্ধ। ৬. রিকশা-ভ্যান শ্রমিক ও শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের রেশনিং চালু এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি। ৭. শাহমোস্তফা সড়ক ও শ্রীমঙ্গল সড়কের সংযোগস্থলে ট্রাফিক গোলচত্বর নির্মাণ।

Leave a Comment