৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, তফসিল আসতে পারে ডিসেম্বরের শুরুতে

০ মতামত 53 views

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ নভেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে, ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে একটি চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। ফলে নভেম্বরের শেষে তালিকা প্রকাশের পর, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ চূড়ান্ত করেছে কমিশন। ২৭ আগস্ট রোডম্যাপের অনুমোদন দেওয়া হয় এবং ২৮ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। রোডম্যাপে নির্বাচনের সম্ভাব্য সময়, ভোটার তালিকা, দল নিবন্ধন ও সীমানা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকলেও তফসিল ও ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হয়, তাহলে তফসিল দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করতে হবে।

ভোটার সংখ্যা বাড়ছে

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে নতুনভাবে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। অপরদিকে মৃত হিসেবে চিহ্নিত হয়ে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

সবশেষ হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সময়সূচি:

  • ✅ ৩১ আগস্ট: হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ
  • ✅ ১ নভেম্বর: চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ (সম্ভাব্য)
  • ✅ ৩০ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
  • ✅ ১৪ সেপ্টেম্বর: নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন
  • ✅ ১৫ সেপ্টেম্বর: আসন সীমানা নির্ধারণ ও গেজেট প্রকাশ
  • ✅ ৩০ সেপ্টেম্বর: জিআইএস ম্যাপ ও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ
  • ✅ ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন
  • ✅ ভোটের দুই সপ্তাহ আগে: কারাবন্দিদের কাছে ব্যালট পাঠানো হবে

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মোট তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। প্রথমটি হয়েছিল ২ মার্চ, দ্বিতীয়টি হবে ৩১ আগস্ট, এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর।

Leave a Comment