বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রতিটি জাতি-গোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আমাদের সম্মান ও আস্থা রয়েছে।” তিনি বলেন, “ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য এবং প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধ ও তাদের উন্নয়নে ভূমিকা রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
তারেক রহমান জানান, বিএনপির প্রস্তাবিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে— জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তায় সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।
গতকাল শনিবার ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনামলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।”
ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। এই নির্বাচনে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন প্রত্যাশা করে।”