ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ (রোববার) বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিকেল ৩টায় বিএনপি, ৪টা ৩০ মিনিটে জামায়াত ও সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় আগামী নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা ও চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হবে।
শনিবার যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে,
“আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার।”
বিবৃতিতে আরও বলা হয়,
“নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যে কোনো ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ও গণতন্ত্রপ্রেমী জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই জয়ী হবে— কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।”