আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৮০০ ছাড়িয়েছে

০ মতামত 36 views

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার (৩১ আগস্ট) গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে মৃতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার । দেশটির কর্মকর্তারা বলছেন, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আশপাশের এলাকায়ও। এখনো উদ্ধারকাজ চলছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় আনাদোলুকে জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। কম্পনের উৎসস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।

প্রধান ভূমিকম্পের পর ওই অঞ্চলে আরও অন্তত দুটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার বলে জানিয়েছে ইউএসজিএস।

নানগারহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় বলেন,

“দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে।”

তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সেবা পৌঁছানো ও উদ্ধারকাজ জোরদার করতে পার্শ্ববর্তী প্রদেশ এবং কেন্দ্রীয় সরকার থেকে সহায়তা পাঠানো হয়েছে।

মুজাহিদ আরও বলেন,

“জীবন রক্ষায় ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগাবে।”

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

Leave a Comment