আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট ছিল তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। স্টার্ক ছিলেন অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন,
“টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ — শুধুই যে শিরোপা জিতেছি, তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দুর্দান্ত স্মৃতিগুলোর জন্যও তা ছিল বিশেষ।”
২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। এই সূচিতে রয়েছে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ম্যাচ। সেই বছরই রয়েছে অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপ।
এসব বিবেচনায় স্টার্ক বলেন,
“২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট ও সেরা ছন্দে রাখতে আমি মনে করি, এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দেবে।”