ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা।
শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি তুলনামূলক কম ছিল। ফলে সারা দিন প্রচারণা চলেছে মূলত হলকেন্দ্রিক। সকালেই হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি বাদ দিয়ে সুস্থ রাজনৈতিক চর্চা গড়ে তোলা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নারী-পুরুষ নয়, একজন মানুষ হিসেবে গণ্য করাই আমাদের প্রধান লক্ষ্য।” নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, “আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে, আমরা তাদের বেশি করে উৎসাহিত করছি।”
অমর একুশে হলে প্রচারণায় অংশ নেন এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। সেখানেই সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক প্রার্থীদের তুলনায় স্বতন্ত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
এছাড়া বিকালে ছাত্রদল চিফ রিটার্নিং অফিসারের কাছে ভোটের পরিবেশ ও নানা অভিযোগ সংবলিত লিখিত আবেদন জমা দেয়।