দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

০ মতামত 23 views

সাম্প্রতিক কিছু ঘটনার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতদিন স্বাভাবিক ছিল। তবে গত কয়েক দিনের ঘটনায় বলতে হবে, এটি কিছুটা খারাপের দিকে গেছে। আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

রাজবাড়ীর অস্থিরতার বিষয়ে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। কারও গাফিলতিতে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তদন্তের আগে কাউকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

হাটহাজারীসহ সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। তবে সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। সবার প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এমন পরিস্থিতি নির্বাচনে জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনের দিকে যাবে, তখন তাদের কেউ থামাতে পারবে না। ভোটকেন্দ্রে গিয়ে তারা ভোট দিতেই পারবেন।”

Leave a Comment