প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকলেও শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “৩৬৫ দিনের মধ্যে আমাদের স্কুল খোলা থাকে মাত্র ১৮০ দিন। এতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কন্ট্রাক্ট আওয়ার বা শিক্ষক-শিক্ষার্থী সংযোগ সময় পূরণ হয় না। তাই শিক্ষাপঞ্জিতে থাকা অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সাপ্তাহিক দুই দিনের ছুটি কমিয়ে একদিন করার বিষয়টি এখনই সম্ভব নয়, কারণ সব শিক্ষাপ্রতিষ্ঠান একই নিয়মে চলে। তবে ক্যালেন্ডারে থাকা অন্যান্য ছুটি কিছুটা কমানো হবে।”
ডা. বিধান রঞ্জন জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।