নতুন দেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। টিএসসি ভোটকেন্দ্রসহ বিভিন্ন হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝামেলা এড়াতে অনেকে সকাল সকালই কেন্দ্রে চলে আসেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুরে ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোকেয়া হলের শিক্ষার্থী স্বপা আক্তার বলেন, “সকাল সকাল ভোট দিয়ে দায়িত্ব শেষ করতে চাই। সময় বাড়লে ভিড়ও বাড়বে, তখন ঝামেলা হতে পারে। তবে এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট দিতে পেরেছি।”
দীর্ঘ সাড়ে ছয় বছর পর এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে যোগ্য প্রার্থী বেছে নিতে উচ্ছ্বসিত।