বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এ তথ্য জানান চীনের রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, এ বিনিয়োগ বাস্তবায়ন হলে বাংলাদেশি তৈরি পোশাক খাতের রপ্তানি আরও বাড়বে। তিনি জানান, চীনা উদ্যোক্তারা বিদ্যুৎচালিত যানবাহন (ইলেকট্রিক ভেহিকেল) খাতেও আগ্রহী। তবে উচ্চ শুল্ক ও সহায়ক নীতিমালার অভাবে এ খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে নীতিমালাকে যুগোপযোগী করার উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই সম্ভাবনাময় অন্যান্য খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।