ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

০ মতামত 27 views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। নিজের এই জয়কে তিনি ব্যক্তিগত নয়, বরং ‘জুলাই প্রজন্ম’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছু নেই। এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন।”

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন গণতন্ত্র ও মুক্তির সংগ্রামে প্রাণ দেওয়া শহীদদের। তিনি বলেন,

“আমরা স্মরণ করছি জুলাই বিপ্লবের সব শহীদকে— যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ বাংলাদেশ পেয়েছি এবং গণতান্ত্রিক পরিবেশে দাঁড়িয়ে নির্বাচন করতে পারছি। পাশাপাশি মুক্তিযুদ্ধের শহীদ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ এবং আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের শহীদদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। বিশেষভাবে স্মরণ করছি শহীদ আবরার ফাহাদকে, যিনি ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে জীবন হারিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

দায়িত্ব পালনের প্রতিশ্রুতি জানিয়ে সাদিক কায়েম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার, এস এম ফরহাদ ও মহিউদ্দীন খানের নেতৃত্বে আমাদের প্যানেলের ওপর যে আমানত দিয়েছেন, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব, ইনশাআল্লাহ। আমরা যে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থেমে থাকব না।”

Leave a Comment