টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

০ মতামত 30 views

সীমানা পুনর্বিন্যাসে এলাকাবাসীর বিক্ষোভ অব্যাহত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০–৭০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। সকাল সাড়ে ৭টার পর থেকে ভাঙ্গা গোলচত্বর এলাকাতেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মেনে নেবেন না। তাদের ভাষায়, _“ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই”—এই দাবিতে আমরা যতদিন প্রয়োজন, ততদিন সড়কে থাকব।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আজ ভোর থেকে দুটি মহাসড়কে কয়েকশ মানুষ বসে আছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

Leave a Comment