মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

০ মতামত 25 views

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চৌমুহনী ইউনিয়নের অলিপুর ও মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে কুরবান মিয়ার ছেলে রনি মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তুলশীপুর এলাকা থেকে দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয় এবং একটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম। অভিযানে ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Comment