ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, দুর্ভোগ

০ মতামত 34 views

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানী ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। যদিও কোথাও পানি জমেনি, তবে বৃষ্টির কারণে গাড়ির গতি কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ, বিজয় সরণিসহ প্রধান সড়কগুলোতে যানজট দীর্ঘ হয়ে পড়ে।

সকাল থেকে দেখা গেছে, অফিসগামী মানুষ রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজেই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই অবস্থায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বেড়ে গেছে।

বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত যানজটের সারি লেগে আছে। গাড়িচালকরা বৃষ্টির কারণে ধীরে চালাচ্ছেন, ফলে ছোট মোড়গুলোতেও চাপ বেড়ে যাচ্ছে।

এক যাত্রী রবিউল ইসলাম বলেন, “প্রতিদিন অফিসে যেতে এক ঘণ্টা লাগে। আজ এক ঘণ্টারও বেশি সময় ধরে বসে আছি, এখনও বনানী পার হতে পারিনি।”

ফার্মগেট, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি এলাকায়ও একই চিত্র। বৃষ্টির মধ্যে অনেকে গণপরিবহনের পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, ফলে রাস্তায় গাড়ির সংখ্যা আরও বেড়েছে। ট্রাফিক সিগন্যালগুলোতেও যানজট আরও তীব্র হয়ে উঠেছে।

Leave a Comment