গাজায় যুদ্ধ নয়, চলছে গণহত্যা: জাতিসংঘে এরদোয়ান

০ মতামত 28 views

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ নয়, বরং ইসরায়েলের দ্বারা সংঘটিত গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক আবেগঘন ভাষণে তিনি এ অভিযোগ করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন,
“আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এগুলো শুধুই সংখ্যা নয়—প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ।”

তিনি আরও বলেন, আধুনিক ইতিহাসে এমন ভয়াবহ মানবিক বিপর্যয় আর দেখা যায়নি। মাত্র দুই-তিন বছরের শিশুদের অজ্ঞান না করেই অস্ত্রোপচার করতে হচ্ছে। বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন,
“এটি মানবতার সর্বনিম্ন পর্যায়। গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে দুই পক্ষ নেই। এটি একতরফা আগ্রাসন, গণহত্যা, একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ।”

এরদোয়ান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং এখনো যারা স্বীকৃতি দেয়নি, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন,
“ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে উপস্থিত না থাকলেও, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছে—যাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে।”

Leave a Comment