থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

০ মতামত 33 views

নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে খাগড়াছড়িতে কয়েকদিন ধরে অবরোধ, বিক্ষোভ ও সহিংসতার পর এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা এখনও বলবৎ রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে। এসময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনাও ঘটে।

সহিংসতায় অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। রাতের বেলায় বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতির অভিযোগে তিন পাহাড়ি যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষ ও উত্তেজনার কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন। পরে প্রশাসনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাঁরা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Leave a Comment