রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা—জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ছিল সামান্য, যা ‘ট্রেস’ হিসেবে গণ্য।
এদিকে, আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।