তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, প্লাবনের আশঙ্কা

০ মতামত 51 views

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে মাত্র ১ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পানির প্রবল চাপের কারণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে আসছে। এর ফলে তিস্তা নদীর পানিপ্রবাহ হঠাৎ করে বেড়ে গেছে। এ অবস্থায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে নদীভাঙন ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।

Leave a Comment