জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে

০ মতামত 37 views

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বৈঠকে ‘জুলাই সনদ’-এর বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব উপস্থাপন করা হয়। একইসঙ্গে এ বিষয়ে কমিশনের অবস্থান তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ ও শুভকামনা জানান।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, “ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যতিক্রমধর্মী সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলোও কমিশনকে অকল্পনীয়ভাবে সমর্থন দিয়েছে, যা আমাদের কাজকে আরও গতিশীল করেছে।”

চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর তা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হস্তান্তরের মাধ্যমে কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।

Leave a Comment