দেশের অর্থনীতি স্বস্তিতে আছে: অর্থ উপদেষ্টা

০ মতামত 20 views

দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমি স্বস্তিতে আছি। এ কারণেই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।”

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতি নিয়ে ব্যাখ্যা

সাংবাদিকদের পক্ষ থেকে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো নয়। এমনকি শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া নেপালের অবস্থাও কিছু সূচকে বাংলাদেশের চেয়ে ভালো দেখা যাচ্ছে।

জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা একটা কঠিন পথ পাড়ি দিয়েছি। আগে মূল্যস্ফীতি ছিল ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে, সেখান থেকে তা নামিয়ে বর্তমানে ৮ শতাংশে এনেছি। যদি বেস লেভেলটা ৭ শতাংশে থাকতো এবং আমরা তা ৪ শতাংশে নামাতে পারতাম, তাহলে সবাই বলতো দারুণ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বেসটাই তো খারাপ ছিল। এখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ছিল। তবুও আমরা সেটা করতে পেরেছি। এখনো আমরা ফুড এবং নন-ফুড ইনফ্লেশন কমিয়ে আনার চেষ্টা করছি।”

নন-ফুড খাতে চ্যালেঞ্জ

নন-ফুড খাতের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “নন-ফুড খাতে খরচ কমানো তুলনামূলকভাবে কঠিন। এর সঙ্গে পরিবহন, জ্বালানি, বাসভাড়া, বিদ্যুৎসহ একাধিক খাত জড়িত। ফলে এই খাতগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা একটু ডিফিকাল্ট হলেও, আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

Leave a Comment