ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আমরা আইনের শাসন কাকে বলে, তা নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই।”
শনিবার সকালে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “আজকের এই কর্মশালার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন ঘাটতি চিহ্নিত করে তা দূর করার চেষ্টা করছি। আমরা সব জানি না, তাই অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের এখানে খুব দ্রুত কাজ করতে হচ্ছে। অনেক চ্যালেঞ্জ রয়েছে। সমস্যা হচ্ছে—আপনি যে ভালো কাজটি করতে যাবেন, সেখানে ‘আকাজ’ বেশি। এটি যেন আমাদের এক ধরনের কালচারে পরিণত হয়েছে।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা চাই একটি সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসার তৈরি করতে। আপনাদের হাতে সব ক্ষমতা দিচ্ছি। যদি সেই ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ না করেন, তাহলে সেটিকে আমরা অপরাধ হিসেবে বিবেচনা করব।”
তিনি আরও যোগ করেন, “ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তার সঠিক ব্যবহারও ততটাই জরুরি। আমরা চাই, যে পর্যায়ের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে, তা দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন।”