ঢাকা, ১২ অক্টোবর: দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে সারাদেশে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ রবিবার সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, “টাইফয়েডে এখনও দেশের শিশুরা মারা যাচ্ছে—এটা আমাদের জন্য লজ্জাজনক। ডায়রিয়া ও রাতকানার মতো রোগ আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও আমরা সফল হব ইনশাআল্লাহ।”
নূরজাহান বেগম আরও বলেন, “আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধ। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই হাসপাতালে রোগীর চাপ কমবে। টাইফয়েড এমন একটি রোগ, যা টিকাদান ও সচেতনতার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে টাইফয়েডে মৃত্যুর ঘটনা কার্যত শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উল্লেখ্য, এই টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।