আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে গাজার একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ইসরায়েল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজার সিটি এলাকার শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন; পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে ইসরায়েলি সেনারা সরে গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য অঞ্চল থেকেও সেনা প্রত্যাহার করা হবে।
সেনা প্রত্যাহারের পর নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন গাজাবাসীরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। দক্ষিণ গাজার বিভিন্ন শরণার্থী ক্যাম্প এবং অস্থায়ী আশ্রয়স্থল থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে উত্তর গাজার উদ্দেশে রওনা হন, কারণ যানবাহনের সংকট ও জ্বালানির অভাব এখনও প্রকট।
বাড়ি ফিরতে ফিলিস্তিনিরা মূলত সমুদ্রঘেঁষা আল রশিদ স্ট্রিট ও সালাহ আল দীন রোড ব্যবহার করছেন। এদিকে দক্ষিণ গাজার যারা গাজা সিটি ও পূর্ব গাজায় আশ্রয় নিয়েছিলেন, তারাও ধীরে ধীরে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।