তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিট) এই কম্পন অনুভূত হয়।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও। আফাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও আংশিকভাবে ধ্বংস হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত আগস্ট মাসে একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল তুরস্কে। সেই ভূমিকম্পের কেন্দ্রও ছিল সিন্দির্গি এলাকায়। এরপর থেকে বালিকেসির প্রদেশে ছোটখাটো কম্পন অনুভূত হয়ে আসছে।