পঞ্চগড়ে শীতের দাপট জোরালো হতে শুরু করেছে। ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর আর্দ্রতার প্রভাবে পুরো জেলায় শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকলেও হালকা কুয়াশার পর সূর্যের দেখা মিলেছে সকালে। তবে প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল হাওয়ায় শীতের অনুভূতি ছিল বেশি।
এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দিনভর রোদের উপস্থিতি থাকলেও দিন-রাতের বড় তাপমাত্রা পার্থক্যের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত আরও তীব্রভাবে টের পাওয়া যাচ্ছে।
দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ বেশিরভাগ এলাকায় ভোর থেকেই শীতল হাওয়া বইছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীত আরও বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত সপ্তাহজুড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি ছিল। তবে রবিবার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা আছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত জেঁকে বসবে বলেও তিনি জানান।